বিবিপি নিউজ: ফের পশ্চিমবঙ্গে আরও তিন রুটে দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। আগামী সোমবার, ১২ অক্টোবর থেকে রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এর আগে রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে পূর্বাঞ্চলের মোট ১৩টি রুটে দূরপাল্লার ট্রেন চালানোর জন্য অনুমোদন চেয়েছিল পূর্ব রেল।
সেই মতই, আগামী সোমবার থেকে হাওড়া, শিয়ালদহ ও মালদা বিভাগ থেকে মেল ও এক্সপ্রেস ট্রেন চালু হবে। ভারতীয় রেলের প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজারকে লেখা চিঠিতে পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার উল্লেখ করেছিলেন। করোনা সংক্রমণের জেরে দীর্ঘ লকডাউন প্রক্রিয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল কেন্দ্রীয় সরকার। তবে দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্ন হয়ে পড়া শ্রমিকদের ঘরে ফেরাতে চালু হয় দূরপাল্লার কিছু শ্রমিক স্পেশ্যাল ট্রেন। আনলক-৫ পর্বে কোভিড স্বাস্থ্যবিধি মেনে যাত্রী চলাচলের উপর জারি থাকা নিষেধাজ্ঞা আরও খানিকটা শিথিল করা হয়েছে। কিন্তু তাতে একদিকে যেমন যাত্রীদের চাহিদা পূর্ণ হয়নি, তেমনই বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে রেল। এই কারণে নিজের বিভাগের ১৩টি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় রুটে মেল ও এক্সপ্রেস ট্রেন চালাতে উদ্যোগী হয় পূর্ব রেল কর্তৃপক্ষ। গুরুত্বের বিচারে তার মধ্যে অন্যতম শিয়ালদহ-নয়া দিল্লি স্পেশ্যাল ট্রেন। সাবেক রাজধানী এক্সপ্রেসের রুট ও নির্ঘণ্ট মেনে ডানকুনি হয়ে সপ্তাহের সাত দিনই চলাচল করবে এই ট্রেন। একই সঙ্গে সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-জামালপুল স্পেশ্যাল এবং সপ্তাহের তিন দিন চলবে মালদা টাউন-নয়া দিল্লি স্পেশ্যাল ট্রেন। এ বাদে চার দিন অন্তর চলবে মালদা টাউন- নয়া দিল্লি স্পেশ্যাল অন্য একটি ট্রেন।
