বিবিপি নিউজ: মনে আছে ২৫ বছর আগের অঞ্জন দত্তের প্রিয় বন্ধু শ্রুতি নাটকটি'র কথা সম্প্রতি ভোকাট্টা ওয়েব ম্যাগাজিনের বিশেষ সংখ্যায় অঞ্জন দত্তের শ্রুতি নাটক প্রিয় বন্ধুর দ্বিতীয় ভাগ প্রিয় বন্ধু ২ প্রকাশিত হয়েছে। এই শ্রুতি নাটকের সংলাপ ও সম্পাদনার কাজ করেছেন নীলাঞ্জন ঘোষ ও সংগীত চয়নের দায়িত্বে আছেন অমৃতা সরকার।
১৯৯৮ সালে একটি বিদেশী গল্পের অনুপ্রেরণায় অঞ্জন দত্ত রচনা করেছিলেন প্রিয় বন্ধু, যার মুখ্য চরিত্রে কণ্ঠদান করেছিলেন অঞ্জন দত্ত ও বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী নিমা রহমান, সঙ্গীতের দায়িত্বে ছিলেন অঞ্জন দত্তের পুত্র নীল দত্ত ও বাংলা গানের ব্যান্ড পরশপাথর। প্রিয় বন্ধু ২ এর নেপথ্য কাহিনী নিয়ে একটি আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের কাছে ট্রাইব কফিশপে। অংশগ্রহণে ছিলেন নীলাঞ্জন ঘোষ, অমৃতা সরকার ও ভোকাট্টা ওয়েব ম্যাগাজিনের পক্ষ থেকে শুভ্রা হালদার ও তৃষা গাঙ্গুলী, সমগ্র অনুষ্ঠানটি সংযোজনার দায়িত্বে ছিলেন পায়েল পাল।
ভোকাট্টা ওয়েব ম্যাগাজিনের এই বিশেষ সংখ্যায় প্রকাশিত শ্রুতি নাটক প্রিয় বন্ধু ২ এর অলংকরণের দায়িত্বে আছেন শুভ্রা হালদার। মূলতঃ নীলাঞ্জন ঘোষ আলোচনায় ও সামাজিক মাধ্যমে অঞ্জন দত্তের শিল্পের প্রতি নিজের কৃতজ্ঞতা ও অনুপ্রেরণায় কথা বহুবার স্বীকার করেছেন। এবছর প্রিয় বন্ধু শ্রুতি নাটকের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নীলাঞ্জন ঘোষ ও অমৃতা সরকার এর নিবেদন প্রিয় বন্ধু ২। পঁচিশ বছর আগে প্রকাশিত হওয়া প্রিয় বন্ধু শ্রুতি নাটকের চরিত্রদ্বয় আবার নতুন করে, নতুন ভাবে অনুরাগীদের কাছে ফিরে এসেছে।
নীলাঞ্জন ঘোষ এক একান্ত আলাপচারিতায় জানান যে এটি মূলত তার ও তার সহধর্মিনী সোমা রায় ঘোষের কাহিনী । নীলাঞ্জন ঘোষের কলমে পাঠকরা পঁচিশ বছর আগের অর্ণব ও জয়িতাকে নতুন ভাবে ফিরে পাবে। অমৃতা সরকার এর সংগীত চয়নের মধ্যে বাংলা গানের বিপুল সম্ভারের থেকে কয়েকটি মুহূর্ত উঠে আসে। শুভ্রা হালদার এর অলংকরণের মধ্যে চরিত্রদ্বয়ের বিভিন্ন বয়সের উত্থান পতনের পরিষ্কার চিত্র ফুটে ওঠে।

