বিবিপি নিউজ: যাত্রীদের কথা মাথায় রেখে আমূল পরিবর্তন শিয়ালদহ স্টেশনে। লকডাউনের মাঝে বন্ধ রেল পরিষেবা। এই ফাঁকে নতুন রুপে ফিরছে সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন। এবার যাত্রীদের সুবিধার কথা ভেবে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম নম্বরের পুনঃ র্বিন্যাস করল পূর্ব রেল। প্ল্যাটফর্ম সংখ্যা না বাড়লেও তার পরিবর্তন করা হল স্টেশনের নম্বর।
এই মর্মে, পূর্ব রেলওয়ে একটি নোটিশ জারি করে স্টেশনের নম্বর পরিবর্তনের কথা ঘোষণা করেন। এর আগে শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হত বহু রেলযাত্রী। তার মূল কারণ ছিল নম্বরের পাশে ইংরেজি অক্ষরের উপস্থিতি। যেমন, ৪ নম্বর প্ল্যাটফর্মের পরে ৫ নম্বরের আগে ছিল ৪এ নম্বর প্ল্যাটফর্ম। আবার এ ভাবেই স্টেশনে ছিল ৯এ, ৯বি ও ৯ডি প্ল্যাটফর্ম এবং ১০ নম্বরের পরে ১০এ নম্বর প্ল্যাটফর্ম আর ১৪ নম্বরের পরে ১৪এ প্ল্যাটফর্ম।
পরিবর্তিত নিয়মে ঠিক হয়েছে, শিয়ালদহ উত্তর শাখার স্টেশনে মোট ৫টি প্ল্যাটফর্ম থাকছে। শিয়ালদহ মেন স্টেশনে থাকছে ৯টি প্ল্যাটফর্ম এবং শিয়ালদহ দক্ষিণ শাখায় থাকছে মোট ৭টি প্ল্যাটফর্ম।
জানা গিয়েছে, শিয়ালদহ উত্তর শাখায় ১এ প্ল্যাটফর্ম এবার হচ্ছে প্ল্যাটফর্ম ১ এবং প্ল্যাটফর্ম ১ চিহ্নিত হবে ১এ প্ল্যাটফর্ম হিসেবে। প্ল্যাটফর্ম ২ থাকছে ২ নম্বরই ও ৩ থাকছে ৩ এবং প্ল্যাটফর্ম ৪ থাকছে ৪। কিন্তু প্ল্যাটফর্ম ৪এ হচ্ছে ৫ নম্বর, ৫ হচ্ছে ৬, ৬ হচ্ছে ৭, ৭ হচ্ছে ৮, ৮ হচ্ছে ৯, ৯ হচ্ছে ১০, ৯সি হচ্ছে ১১, ৯বি হচ্ছে ১২, ৯এ হচ্ছে ১৩ এবং ৯ডি হচ্ছে ১৪ নম্বর প্ল্যাটফর্ম।

