থাপ্পড়ের পর এবার ডিম হামলার শিকার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

থাপ্পড়ের পর এবার ডিম হামলার শিকার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ



বিবিপি নিউজ: গালে থাপ্পড়ের ঘটনার পর এবার রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শন করতে গিয়ে ডিম হামলার শিকার হন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলীয় লিও শহরে সোমবার আন্তর্জাতিক ক্যাটারিং, হোটেল এবং খাদ্য বাণিজ্য মেলা পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেন নিরাপত্তারক্ষীরা।


জানা গেছে, প্রেসিডেন্টের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারী ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করেন এবং বাণিজ্য মেলার হোটেল কক্ষ থেকে বের করে দেন। তবে ছুঁড়ে মারা ডিমটি ম্যাক্রোঁনের কাঁধে আঘাত করলেও তা ফেটে যায়নি। 


ডিম নিক্ষেপের পর পরই ম্যাক্রোঁন বলেন, যদি আমাকে তার কিছু বলার থাকে, তাহলে তাকে আসতে দিন। পরে কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন বলেও এসময় জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।


এর আগে, ২০১৭ সালে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণার পর প্যারিসে জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় প্রতিবাদকারীদের ডিম ছোঁড়ায় ম্যাক্রোঁনের মাথা ফেটে যায়। এরপর গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুব্ধ এক ব্যক্তি ম্যাক্রোঁনের গালে সজোরে থাপ্পড় মারেন। সেই সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

Pages