শহরের এই উড়ালপুল বন্ধ থাকবে চারদিন, জানিয়েছে কলকাতা পুলিশ - BBP NEWS

Breaking

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

শহরের এই উড়ালপুল বন্ধ থাকবে চারদিন, জানিয়েছে কলকাতা পুলিশ

 


বিবিপি নিউজ: আগামী শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল। স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ করা হচ্ছে এই ফ্লাইওভার। এ দিন কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷ পার্ক স্ট্রিট উড়ালপুল বন্ধ থাকলে তার বদলে উত্তর এবং দক্ষিণমুখী সব ধরনের যানবাহনকেই জওহরলাল নেহেরু রোড ব্যবহার করতে হবে৷



কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ৩ ডিসেম্বর, শুক্রবার রাত দশটা থেকে ৬ ডিসেম্বর, সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে৷ সামনেই বড়দিন এবং বর্ষবরণ৷ বছরের এই সময় পার্ক স্ট্রিট, নিউ মার্কেট অঞ্চলে মানুষের ভিড় অনেকটাই বাড়ে৷ স্বাভাবিক ভাবেই পার্ক স্ট্রিট উড়ালপুলের উপরেও গাড়ির চাপ বাড়ে৷ ফলে তার আগেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে চাইছে এইচআরবিসি৷ পার্ক স্ট্রিট মোড়কে এড়িয়ে জওহরলাল নেহেরু রোড বরাবর যাতায়াতের জন্য পার্ক স্ট্রিট উড়ালপুলের গুরুত্ব অপরিসীম৷ সপ্তাহান্তে যেহেতু গাড়ির চাপ কম থাকে, তাই সেই সময়টাকেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে৷ ২০০৫ সালে উদ্বোধন হয়েছিল পার্ক স্ট্রিট ফ্লাইওভারের৷ এই উড়ালপুলটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এইচআরবিসি৷ কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, উড়ালপুলের ভার বহন ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্যই যান চলাচল বন্ধ রাখা হবে৷ 


Pages