এসএসকেএমে চিকিৎসাধীন তৃণমূল নেতা যশবন্ত সিনহা - BBP NEWS

Breaking

বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

এসএসকেএমে চিকিৎসাধীন তৃণমূল নেতা যশবন্ত সিনহা

 


বিবিপি নিউজ: পিঠের ব্যাথা নিয়ে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ নেতা যশবন্ত সিনহা। তিনি অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন। কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।


হাসপাতাল সূত্রে খবর,মঙ্গলবার প্রবল পিঠে ব্যথার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উডবার্ন ব্লকে ভর্তি করা হয়েছে যশবন্ত সিনহাকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চার সদস্যের একটি চিকিৎসক দল গঠন করে তাঁর চিকিৎসা করা হচ্ছে।

৮৪ বছরের নেতার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে।


 কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন যশবন্ত সিনহা। যোগদানের পরই তাঁকে সম্মানজনক পদে বসান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হয় তাঁকে। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও করা হয়েছে তাঁকে।

তৃণমূলে যোগ দিয়ে মোদি সরকারকে তুলোধোনা করতে দেখা গিয়েছিল যশবন্ত সিনহাকে। তিনি জানিয়েছিলেন, বাজপেয়ী জমানার বিজেপির সঙ্গে এখনকার বিজেপির আকাশ পাতালের ফারাক রয়েছে।বাজপেয়ী জমানার দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর তৃণমূলে যোগদান জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 

Pages