ভালোবাসার টানাপোড়েনে,প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

ভালোবাসার টানাপোড়েনে,প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা প্রেমিকার!



বিবিপি নিউজ,নদীয়া: উত্তরবঙ্গের ধূপগুড়ির পরে ফের ভালবাসা ফিরে পেতে ধর্না। তবে এ বার বিপরীত। প্রেমিকের বাড়ির দরজায় বসলেন প্রেমিকা। তাও আবার সকাল থেকে রাত।

ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের রাধাকান্তপুরের পূর্বপাড়ার। জানা গিয়েছে সোমবার সকাল দশটা নাগাদ হঠাৎই পিঠে একটি ব্যাগ নিয়ে প্রেমিক জিন্নাত আলির বাড়ির সামনে এসে হাজির হন প্রেমিকা। একবারে গুছিয়ে এসেছে। বসার জন্যে ব্যাগে করে আনা কাগজ পেতে বাড়ির বাইরে বসে পড়েন। যদিও প্রেমিকের দিনভর দেখা মেলেনি।

সে সময়ে ছেলেটির বাড়িতে ছিলেন তাঁর মা। তিনি অবস্থা বেগতিক বুঝে বাড়ির দরজায় তালা লাগিয়ে বাইরে চলে যান।  মেয়েটি তখনও সেখানেই বসে ছিলেন। এর পর পাড়ার লোকজন কৌতূহলী হয়ে বিষয়টি কী জানতে চাইলে মেয়েটি বলেন, ‘‘ভালবাসা ফিরে পেতে এসেছি।

জানা গিয়েছে মেয়েটির নাম মাফিজা খাতুন। তিনি পাশের গ্রাম গোবিন্দপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাফিজার সঙ্গে জিন্নাতের সম্পর্কের কথা এলাকার অনেকেই জানেন।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়েছিল। তার পরেও কেন হঠাৎ করে এই রকম ঘটনা ঘটল, তা কারও কাছেই স্পষ্ট নয়। এই ঘটনার পরে এলাকায় লোকজনের ভিড় জমতে শুরু করে। মেয়েটি এ দিন জানান, কলেজে পড়ার সময়ে জিন্নাতের সঙ্গে তাঁর ভালবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু কলেজ শেষ হতেই জিন্নাত সম্পর্ক থেকে সরে যেতে থাকেন। মাফিজার কথায়, এই সম্পর্কের কথা দুই বাড়ির সকলেই জানতেন। দু’জনের বিয়ে হবে, সেটাও ঠিক ছিল। তাঁর অভিযোগ, সেই কারণে জিন্নাতের চাকরির জন্য মাফিজার বাড়ি থেকে কয়েক খেপে প্রায় দেড় লক্ষ টাকা নগদও দেওয়া হয়।

এদিন বিকালে ছেলের মা রুবিনা বিবি বাড়ি ফিরে মাফিজাকে মারধর করে বলে তাঁর অভিযোগ। যদিও পুলিশের কাছে তিনি অভিযোগ জানাননি।  এই ঘটনায় কালীগঞ্জ ব্লক অফিসের লোকজন গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। পুলিশও গিয়ে ঘটনাস্থল ঘুরে এসেছে। তরুণীর দাবি, বিয়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত তিনি ধর্না থেকে সরবেন না। গভীর রাত পর্যন্ত তিনি সেখানেই বসে ছিলেন বলে স্থানীয়রা জানান।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

Pages