বিবিপি নিউজ, কলকাতা: ফ্ল্যাটের ক্ষেত্রে আরো তৎপর হলেন কলকাতা পুরসভা। পুরসভার দেওয়া ‘কমপ্লিশন সার্টিফিকেট’ বা সিসি না দেখে ফ্ল্যাট কিনবেন না।
এর আগে একাধিকবার কলকাতা পুরসভা জনস্বার্থে প্রচার করেছে। কিন্তু তাতে কাজের কাজ খুব একটা হয়নি। নাগরিকদের একাংশের উদাসীনতা এবং সুযোগসন্ধানী অসাধু প্রোমোটারদের কারসাজিতে সিসি ছাড়াই শহরের বিভিন্ন অংশে বিক্রি হয়ে যাচ্ছে নতুন ফ্ল্যাট।
সিসি আসলে কি? এই সিসি দিয়ে কি হবে ?
সিসি অর্থাৎ কমপ্লিশন সাটিফিকেট। এই সার্টিফিকেট ছাড়া পুরসভা নতুন ফ্ল্যাটবাড়িতে নিকাশি, পানীয় জলের লাইনের সংযোগ দেয় না। যার ফলে সিসি না দেখেই ফ্ল্যাট কিনে সমস্যায় পড়ছেন বহু নাগরিক।
এই সমস্যার সমাধানে তাই নাগরিকদের সচেতনতার উপর ভরসা না করে পুরসভা এবার নিজেরাই প্রতারণা থেকে বাঁচাতে উদ্যোগী হল ফ্ল্যাট ক্রেতাদের।
যত দিন যাচ্ছে, কলকাতা শহরে জনসংখ্যার চাপ বাড়ছে। শহরে ফাঁকা জায়গা তো প্রায় নেই বললেই চলে। পুরনো বাড়িগুলি ভেড়ে বহুতল আবাসন গড়ে উঠছে টালা থেকে টালিগঞ্জের বিভিন্ন অংশে। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষকে ঠকানো।
পুরসভা সূত্রে শনিবার জানা গিয়েছে, আইজিআর অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন-কে চিঠি দিয়ে পুরসভা জানিয়ে দিচ্ছে, এখন থেকে কেউ কোনও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের জন্য এলে, তারা যেন পুরসভার দেওয়া কমপ্লিশন সার্টিফিকেট দেখে নেয়। যেহেতু ফ্ল্যাট রেজিস্ট্রেশন না করলে তা বিক্রি করাও যায় না, ফলে ওখানেই আটকে দিলে আর সিসি ছাড়া ফ্ল্যাট বিক্রি করতে পারবে না অসাধু নির্মাতারা।
