কলকাতায় ৭৪ জন চিকিৎসক ও নার্সের করোনা রিপোর্ট নেগেটিভ,স্বস্তি স্বাস্থ্য দফতরের - BBP NEWS

Breaking

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

কলকাতায় ৭৪ জন চিকিৎসক ও নার্সের করোনা রিপোর্ট নেগেটিভ,স্বস্তি স্বাস্থ্য দফতরের

বিবিপি নিউজ: নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ‌(NRS)-এর ৭৪ জন চিকিৎসক ও নার্সদের করোনা সংক্রমণের রিপোর্ট নেগেটিভ। আজ বুধবার এই রিপোর্ট আসার পর কিছুটা স্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতর।

গত শনিবার এনআরএস হাসপাতালের সিসিইউতে এক করোনা রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। তার পরই মাথায় হাত পড়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষের। কারণ, হাসপাতালে ভর্তির সময় যুবকের দেহে করোনার কোনও লক্ষণ ছিল না। হিমোফিলিয়ার ওই রোগীকে ভর্তি করা হয়েছিল মেল মেডিসিন ওয়ার্ডে। তাঁর চিকিৎসা করার সময় প্রয়োজনীয় সুরক্ষাবিধিও পালন করেননি চিকিৎসকও নার্সরা। এরপরেই রাজ্য স্বাস্থ্য‌‌ দফতর ৭৯ জনকে কোয়ারেটনাইনে পাঠিয়েছিল। তাঁদের মধ্যে ৭৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

যুবকের মৃত্যুর পর রবিবার থেকে তাঁর সংস্পর্শে আসা এমন চিকিৎসক ও নার্সদের চিহ্নিত করে নিউ টাউনের কোয়ারেনটাইন সেন্টারে পাঠানো শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট ৭৯ জনকে কোয়ারেনটাইনে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৩৯ জন চিকিৎসক। তবে তারা এখনি কাজে ফিরতে পারবেন না। ১৪ দিন কোয়ারেনটাইনেই থাকতে হবে ওই চিকিৎসক ও নার্সদের। তার পর ফের করোনা পরীক্ষা হবে তাঁদের। সেই রিপোর্টও নেগেটিভ হলে হাসপাতালে ফিরবেন তাঁরা।

Pages