বিবিপি নিউজ: অবিরাম বৃষ্টিপাতের জেরে ভাসছে মহারাষ্ট্রের মুম্বাই শহর। বিগত ৪৬ বছর ধরে এমন বৃষ্টি হয়নি। যা বিগত ২৪ ঘন্টায় হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ২৪ ঘণ্টায় কোলাবায় বৃষ্টিপাত হয়েছে ৩৩১.৮ মিলিমিটার। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী ১৯৭৪ সালের পর এক দিনে মুম্বইয়ের কোথাও এত পরিমাণ বৃষ্টির নজির নেই। অন্য দিকে টানা বর্ষণে বিপর্যস্ত বাণিজ্যনগরীর জনজীবন। বহু এলাকা জলমগ্ন। বৃষ্টির সঙ্গে চলছে দমকা হাওয়া। শহরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
আজ বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। তিন দিন ধরে কার্যত একটানা বৃষ্টিপাত চলছে মুম্বইয়ে। তার জেরে বাণিজ্যনগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন। তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা কোলাবার। ঐতিহ্যবাহী ইন্ডিয়া গেট-সহ কোলাবার বেশিরভাগ এলাকাই জলের তলায় চলে গিয়েছে। অন্যান্য এলাকাতেও পরিস্থিতি প্রায় একই। গোটা শহরে যানবাহন চলছে হাতে গোনা। জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি অফিস বন্ধ। কাজ করছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
