বিবিপি নিউজ: পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করতে চলছে ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় এসেই রাজ্যজুড়ে নিষিদ্ধ হয়ে যাবে মদ। একেবারে বিহারে মত ড্রাই রাজ্য হবে। এমনই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। যে পোষ্ট ভাইরাল হয়েছে সেখানে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের লোগো রয়েছে। তাতে দাবি করা হয়েছে,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি ঘোষণা করেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ ভাবে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে। কিন্তু সত্যিই কি এমন কোনও ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?
ভাইরাল হওয়া ছবিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবির পাশে একটি ইংরাজি সংবাদ প্রতিবেদনের অংশ রয়েছে। বড় হরফে লেখা শিরোনামটি হলো— From 30 Sept, Bengal bans alcohol, heading to dry state: Amit Shah। যার বাংলা করলে দাঁড়ায়, ‘৩০ সেপ্টেম্বর থেকে বাংলা মদ নিষিদ্ধ করছে, ড্রাই স্টেট হতে চলেছে: অমিত শাহ’। ছবিটির নীচের অংশে আরও দাবি করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গে এই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ মদ নিষিদ্ধ করার নীতি বাস্তবায়িত হবে।
আসলে এই খবরটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। এই মর্মে কোনো ধরনের নোটিশ জারি হয়নি রাজ্যে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো-র ফ্যাক্ট চেকিং শাখা, PIB Fact Check তাদের এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া গ্রাফিকটিকে ‘Fake and digitally edited’ অর্থাৎ, সম্পূর্ণ ভুয়ো এবং ডিজিটাল কারিকুরি করা বলে জানিয়েছে। তারা স্পষ্ট ভাবে জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনও বিবৃতি কখনও দেননি। অন্যদিকে অমিত শাহ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ওয়েবসাইটেও পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করা সংক্রান্ত কোনও সরকারি বিবৃতির উল্লেখ নেই।

