বিবিপি নিউজ: ওড়িশার ভুবনেশ্বরে করোনা ভাইরাস ভ্যাক্সিন-সহ ১০ রকমের টিকা উৎপাদন কেন্দ্র তৈরি করবে হায়দরাবাদের ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (BBIL)। ওই উৎপাদন কেন্দ্র থেকে তৈরি হবে ম্যালেরিয়ার টিকাও।
সম্প্রতি, ওড়িশা সরকারের মুখ্য সচিব অসিত ত্রিপাঠির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে BBIL চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কৃষ্ণ এলা বলেন, ‘রোটাভাইরাস ডায়েরিয়া, ম্যালেরিয়া, জাপানি এনসেফেলাইটিস, রাবিস, ইনফ্লুয়েঞ্জা অতিমারী সহ একাধিক জীবাণুর প্রতিষেধক ভ্যাক্সিন উৎপাদন করা হবে।’ তিনি জানিয়েছেন, ওড়িশার ভুবনেশ্বরে উৎপাদন কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বিনিয়োগ হবে মোট ৩০০ কোটি টাকা। BBIL-কে ভবিষ্যতে উৎপাদন ক্ষেত্র তৈরিতে সব রকম সাহায্যের আশ্বাস দেন মুখ্য সচিব অসিত ত্রিপাঠি। একই সঙ্গে তিনি BBIL-কে অত্যাধুনিক ইনকিউবেশন সেন্টার গড়ার জন্যও অনুরোধ জানিয়েছেন।
