বিবিপি নিউজ: বিমানবন্দরে রানওয়েতে হঠাৎ কুকুর ঢুকে যাওয়ায় মাঝ আকাশে চক্কর কাটলো সায়নী ঘোষদের বিমান। ত্রিপুরায় পৌরভোটের নির্বাচনী প্রচার কর্মসূচি শেষ করে রাজ্যে ফিরছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, সায়নী ঘোষরা। আগরতলা থেকে ইন্ডিগোর একটি বিমানে কলকাতায় উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু এখানেও বিপত্তি। বিমানে বসেই একেবারে থতমত খেয়ে যান সায়নীরা। বিমানটি অবতরণের জন্য পুরোপুরি তৈরি ছিল। রানওয়ে প্রায় স্পর্শ করবে করবে। পেশাদারিত্বের তাগিদে সময়ের আগেই গন্তব্যে পৌঁছে গিয়েছিল বিমানটি। বিমানের চাকাও বেরিয়ে এসেছিল অবতরণের জন্য। কিন্তু তারপর হঠাত্ই ঝাঁকুনি দিয়ে গতি বাড়িয়ে, চাকা গুটিয়ে উপরের দিকে উঠতে শুরু করে বিমানটি। প্রথমটায় সবাই বেশ ঘাবড়ে গিয়েছিলেন।
বিমান কিছুটা উপরে উঠতেই জানা গেল আসল ব্যাপার। বিমানের ক্যাপ্টেন ককপিট থেকে মাইক্রোফোনে জানালেন গোটা বিষয়টি। বিমানটি যে রানওয়েতে অবতরণ করার কথা ছিল, সেখানে একটি কুকুর ঢুকে গিয়েছিল। আর এই সারমেয় বিপত্তির জেরেই আবার বিমান অবতরণের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করা হয়। কুণাল, ব্রাত্য, সায়নীদের নিয়ে আবার উপরের দিকে উড়ে যায় বিমানটি। প্রায় পনেরো মিনিট আকাশেই চক্কর কাটতে থাকে বিমানটি।এদিকে রানওয়েতে তখন চলছে সারমেয় থেকে নিস্তারের যুদ্ধ। অবশেষে, বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা কুকুরটিকে রানওয়ে থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান। রানওয়ে পরিষ্কার হলে, ফের বিমানটিকে অবতরণের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। মিনিট পনেরো আকাশে ঘোরার পর নিরাপদেই রানওয়েতে অবতরণ করে ইন্ডিগোর বিমানটি।