বিবিপি নিউজ: এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ নিয়ে বিপাকে পড়েছেন রাজ্য সরকার। আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার অনুমতি পেল রাজ্য ও এসএসসি। বিচারপতি হরিশ ট্যন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার আর্জি মঞ্জুর হয়েছে। রাজ্যের আর্জি শুনে আগামিকাল, বুধবার বিকেল তিনটের মধ্যে সিবিআই-য়ের হাতে নিয়োগ সংক্রান্ত সব নথি তুলে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ট্যন্ডন। তবে হাইকোর্টের নির্দেশের পর আজকেই কোনও কমিটি গঠন করছে না সিবিআই। আগামীকাল আদালত থেকে নথি সংগ্রহের পর কমিটি গঠন করবে বলে এমনটাই জানা গিয়েছে। গতকাল হাইকোর্টের নির্দেশের পর দিল্লি থেকে কলকাতা সিবিআই এর কাছে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। চাওয়া হয়েছে কমিটিতে থাকতে ইচ্ছুক অফিসারদের তালিকাও।এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। মধ্য শিক্ষা পর্ষদের হলফনামার পর সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন আছে বলেই মনে করছে হাইকোর্ট। সিবিআই কমিটি গঠন করে এই অনুসন্ধান করুক চায় আদালত। এদিন ৫০০ জনের তালিকা জমা নিল আদালত। কবে তাঁরা নিয়োগ হয়েছেন, সেটা জানাতে হবে।