শ্রাবণের গভীর নিম্নচাপে তুমুল বৃষ্টি, বাজ পড়ে মৃত ৫ - BBP NEWS

Breaking

বুধবার, ২ আগস্ট, ২০২৩

শ্রাবণের গভীর নিম্নচাপে তুমুল বৃষ্টি, বাজ পড়ে মৃত ৫

 



বিবিপি নিউজ: শ্রাবণের মাঝামাঝি সময়ে বৃষ্টির জন্য হাহাকার ও তীব্র গরমে নাজেহাল অবস্থা দক্ষিনবঙ্গের মানুষের। এই পরিস্থিতিতে অতি গভীর নিম্নচাপের বৃষ্টিতে স্বস্তি মিলেছে। আর এই অতি‌ বৃষ্টিতে কিছুটা হলেও মুখে হাসি ফুটছে চাষীদের।‌কারন বৃষ্টির জলের অভাবে শুকিয়ে যাচ্ছিল পাট ও ধানের জমি। গত ২৪ ঘণ্টার অতি বৃষ্টিতে আমন ধানের জমিতে জমেছে জল। তবে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৫ জন।


জানা গিয়েছে, হলদিয়ার ভবানীপুর থানার দেভোগ অঞ্চলের বড়বাড়ি গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দু'জনের। তাঁদের নাম পিন্টু বেরা (৫০) এবং সমরেশ বেরা (৪৫)। এদিকে সুতাহাটা থানার কসবেড়িয়া গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে মামণি মালি (৪০) এবং রাধারানি ভৌমিক (৫৪) নামে দুই মহিলার। রানাঘাটে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে অপর্ণা বিশ্বাস (৩২) নামে আরও এক মহিলার।   


হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, অতি গভীর নিম্নচাপের জেরে বুধবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি জারি থাকবে।  


Pages