বিবিপি নিউজ: মহারাষ্ট্রের থানে জেলার শাহাপুরে একটি সেতুর স্ল্যাবের উপর ক্রেনটি পড়ে যায়। তার নীচে চাপা পড়েন প্রায় ২০ জন শ্রমিক। তাঁদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজের জন্য ডাক পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। দমকল ও পুলিশও এই উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
মুম্বই এবং নাগপুরকে সংযোগকারী এই এক্সপ্রেসওয়েটি ৭০১ কিলোমিটার দীর্ঘ। এই এক্সপ্রেসওয়েটি নাগপুর, ওয়াশিম, ওয়ার্ধা, আহমেদনগর, বুলধানা, ঔরঙ্গাবাদ, অমরাবতী, জালনা, নাসিক এবং থানে সহ ১০টি জেলার ওপর দিয়ে যায়। এই সমৃদ্ধি মহামার্গের নির্মাণ কাজ মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত হচ্ছে। এই এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এখন সেই রাস্তা ধরে নাগপুর থেকে শিরডি যাওয়া যায়। ২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অংশটির উদ্বোধন করেছিলেন। এর আগে গত মে মাসে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছিলেন যে এক্সপ্রেসওয়ের তৃতীয় এবং শেষ ধাপটি এই বছরের ডিসেম্বরের শেষের দিকে সম্পন্ন হবে। সেই তৃতীয় পর্যায়ের কাজই চলছিল থানেতে। যে ক্রেনটির জেরে এই দুর্ঘটনা, সেই বিশেষ মেশিনটি ব্রিজ নির্মাণে ব্যবহৃত হয় বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান বলে জানা গিয়েছে। উদ্ধারকাজের জন্য ডাক পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর।
