রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স, হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন! - BBP NEWS

Breaking

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স, হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন!




বিবিপি নিউজ,মাসুদূর রহমান: রাজ্যে খোঁজ মিললো নিপা ভাইরাস আক্রান্তের। উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত হাসপাতালে দুই নার্সকে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করতে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নমুনা পাঠানো হয়েছে পুনেতে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাধীন দুই নার্সের অবস্থা সংকটজনক, তাদেরকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে।




আজ সোমবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী দুই নার্সের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান। পাশাপাশি তিনি এ-ও জানান, গোটা বিষয়টি নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা আতঙ্কিত না-হয়ে, সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। মুখ্যসচিব জানান, কী ভাবে ওই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হলেন, তা খোঁজখবর নেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, এই কয়েক দিনে তাঁরা কাদের সংস্পর্শে এসেছেন, সে ব্যাপারেও নিশ্চিত হওয়ার কাজ শুরু হয়েছে। 


সোমবার নবান্নে নিপা ভাইরাস নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। মুখ্যসচিব জানান, ওই দুই নার্স যে হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন, সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। রাজ্য সরকার বিষয়টির উপর নজর রেখেছে। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের সঙ্গে স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা ইতিমধ্যেই বৈঠক করেছেন। সোমবার সকালে রাজ্য সরকারের একটি দল ওই হাসপাতালে ঘুরে এসেছে। মুখ্যসচিব আরও জানান, আতঙ্কিত না-হয়ে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। ভাইরাস মোকাবিলায় তিনটি হেল্পলাইন চালু করার কথা জানান তিনি। সেই হেল্পলাইন নম্বরগুলি হল— (০৩৩) ২৩৩৩ ০১৮০, ৯৮৩৬০৪৬২১২ এবং ৯৮৭৪৭০৮৮৫৮।

Pages