বিবিপি নিউজ: শনিবার ভরদুপুরে হুলুস্থুল কাণ্ড কলকাতার বিস্তৃর্ন এলাকায়। শহর জুড়েই হইচই পড়ে যায়। দেশ জুড়ে করোনাতঙ্কে থরথরিয়ে কাঁপছে। লকডাউনে ঘরবন্দী অবস্থা নাজেহাল। অনেকেই বাড়ির ছাদে উঠে একটু সময় কাটাচ্ছেন। এমন সময় আচমকাই তাঁরা খেয়াল করলেন, বাড়ির ছাদে, উঠোনে উড়ে আসছে কালচে ধূসর রঙের কিছু!
করোনা-আতঙ্কের মধ্যে হঠাৎ আকাশ থেকে কী খসে পড়ছে, তা নিয়ে আতঙ্কেই শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত তোলপাড় শহর কলকাতার বিস্তৃর্ন এলাকা। দমদম থেকে বরাহনগর,বালি,সটলেক সহ একাধিক এলাকায়।
এই কালচে ধূসর রঙের বস্তু নিয়ে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আতঙ্কে অনেক প্যাকেটে ভরে ছুটলেন থানায়। এমন পরিস্থিতিতে হতবাক থানার আধিকারিকেরাও। অবশেষে এ দিন সন্ধ্যায় পুলিশ জানতে পারে, বালির ছ’নম্বর জাতীয় সড়কের ধারে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝোপ-জঙ্গলে দুপুরে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে সেই জঙ্গল। কালো ধোঁয়ায় এলাকার আকাশ ভরে যায়। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। ওই আগুনের ছাই খোলা বাতাসে ভেসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আর তা থেকেই ছড়িয়েছে আতঙ্ক। প্রথমে এই যুক্তি মানতে রাজি হননি অনেকেই। তাই কেউ কেউ এমন দাবিও করেন, ‘‘ওটা ছাই নয়। করোনা ঠেকাতে ওষুধ ছড়ানো হচ্ছে।’’
