করোনায় চিকিৎসা করতে গিয়ে গোটা বিশ্বে চিকিৎসক ও নার্স সহ ৯০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৮ মে, ২০২০

করোনায় চিকিৎসা করতে গিয়ে গোটা বিশ্বে চিকিৎসক ও নার্স সহ ৯০ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত!


বিবিপি নিউজ: গোটা বিশ্বে মহামারি করোন থেকে মানুষকে রক্ষায় যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সেই স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক এক সংগঠন জানিয়েছে, রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্স সহ বিশ্বের অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বের ১৩০ দেশের নার্সদের নিয়ে গঠিত ‘দ্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস’ (আইসিএন) কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত কিংবা তাদের প্রাণহানি ঘটলেও তার সঠিক হিসাব রাখতে ব্যর্থ প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্র প্রধানেরা। সংগঠনটির দাবি, সরকারের ব্যর্থতায় উল্লেখযোগ্য‌ সংখ্যক স্বাস্থ্যকর্মীর সংক্রমিত কিংবা মৃত্যুর বিষয়টি সামনে আসছে না। সংগঠনটি বিশ্বের ৩০টি দেশের তথ্য সংগ্রহ করে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অন্তত ৯০ হাজার স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৬০ জনের বেশি নার্সের মৃত্যু হয়েছে।

আইসিএনের বিবৃতি অনুযায়ী, ‘হাজারো নার্স কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু প্রকৃত সংখ্যাটা কত তার হিসাব সরকারগুলো দিচ্ছে না। কারণ তারা এই তথ্য সংগ্রহই করছে না। প্রকৃত তথ্যের ঘাটতির কারণে কতজন আক্রান্ত হয়েছেন কিংবা মারা গেছেন তা অনেক কম করে দেখানো হচ্ছে।’ প্রকৃত হিসাব না থাকায় স্বাস্থ্যকর্মী সহ রোগীরা মারাত্মক ঝূঁকির মুখে রয়েছেন। তাই সংস্থাটি প্রত্যেক দেশে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার রেকর্ড রাখার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও যেন এই হিসাব রাখে তার দাবি করেছে তারা।

Pages