বিবিপি নিউজ: আমফানে ক্ষতিগ্রস্ত হওয়ার বিডিও অফিসে ফর্ম জমা দিতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে গুরুতর জখম দুই মহিলা। ঘটনাটি ঘটেছে বৃৃস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলী বিডিও অফিসের সামনে। আমফান ক্ষতিপূরণের আবেদন পত্র জমা দিতে হাজারো মানুষের ঢল। পদপিষ্ট হয়ে আহত বেশ কয়েকজন আবেদনকারী।
দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় আমফান ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন পঞ্চায়েত প্রধান-উপপ্রধান এবং সদস্যদের বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণের তালিকায় নাম না দেওয়ার অভিযোগে সংবাদ শিরোনামে । বিভিন্ন পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলে বিক্ষোভও।
এই ঘটনায় স্বচ্ছতা আনতে সর্বদলীয় বৈঠকের পর, "সমস্ত ক্ষতিগ্রস্তরা নিজেদের আবেদনপত্র নিজেরাই স্থানীয় বিডিও অফিসে জমা দিতে পারবেন" রাজ্য সরকারের এই ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই প্রায় কয়েক হাজার মানুষ ভিড় করে কুলতলী বিডিও অফিসের সামনে। আর তাতেই ঘটে বিপত্তি। হুড়োহুড়িতে পড়ে যাওয়ায় তাদের ওপর দিয়েই মাড়িয়ে চলে যায় বহু মানুষ। পদপিষ্ট হয়ে জখম হন বেশ কয়েকজন আবেদনকারী। তাদের মধ্যে দুই মহিলা সন্ধ্যা গায়েন ও অসীমা হালদার গুরুতর জখম হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরো একজন অসুস্থ হয়ে পড়লে তাকেও নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
