বিবিপি নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শক্তিশালী এক ঘূর্ণিঝড়। বিজ্ঞানীরা দাবি করেছেন এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম ডগলাস। এক আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস স্থানীয় সময় শনিবার রাতে বা রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আঘাত হানতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ডগলাস ঘণ্টায় ১২০ মাইল (প্রায় ১৯৩ কিলোমিটার/ঘণ্টা) গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কেন্দ্র থেকে অন্তত ২৫ মাইল বিস্তৃত হয়ে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝোড়ো হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হিলো দ্বীপ থেকে ৮৯৫ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে এবং সেটি সোজাসুজি হাওয়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, যাত্রাপথে শীতল জল ও উষ্ণ বাতাসের সংস্পর্শে আসায় ঝড়টির শক্তি কমতে শুরু করেছে।
