বিবিপি নিউজ: করোনা ভাইরাসের মোকাবিলায় প্রথম সারির যোদ্ধাদের উদ্দেশ্য নিজের সোনার পদক উৎসর্গ করলেন হিমা দাস। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ৪x৪০০ মিক্সড রিলে রেসে রুপো জিতেছিলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাসরা। কিন্তু সেই রুপো বৃহস্পতিবার বদলে গিয়ে সোনা জয় করলেন। এমন সুখবর জানিয়েছেন গেমস কর্তৃপক্ষ।
জানা যায়, ৪x৪০০ মিক্সড রিলে রেসে ভারতকে টপকে প্রথম স্থান দখল করেছিল বাহরিন। কিন্তু সম্প্রতি সেই দলের এক অ্যাথলিট কেমি আডেকোয়া ডোপ পরীক্ষায় ফেল করেন। যে কারণে বড়সড় শাস্তির মুখে পড়তে হয় তাঁকে। অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিটের তরফে কেমিকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। সেই কারণেই তাঁদের জাকার্তা গেমস থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ফলে নিয়ম অনুযায়ী দ্বিতীয় স্থানাধিকারী প্রথমে উঠে আসে। তাই বৃহস্পতিবার ভারতের রুপো বদলে যায় সোনায়। এরপরই টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন হিমা দাস। সেই সঙ্গে জানান, যাঁরা নিজেদের প্রাণের পরোয়া না করে দিনরাত করোনা মোকাবিলা করে চলেছেন, সেই যোদ্ধাদেরই এই পদক উৎসর্গ করতে চান। তিনি বলেছেন ‘আমি জাকার্তা গেমসে ৪x৪০০ মিক্সড রিলে ইভেন্টে যে সোনা জিতেছিলাম, তা পুলিশ, চিকিৎসক এবং সমস্ত করোনা যোদ্ধাদের উৎসর্গ করছি।

