বাসন্তীতে ভরা বাজারে পুলিশ অফিসারকে রাস্তায় ফেলে ‘বাঁশপেটা’ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

বাসন্তীতে ভরা বাজারে পুলিশ অফিসারকে রাস্তায় ফেলে ‘বাঁশপেটা’

 


বিবিপি নিউজ: উত্তপ্ত বাসন্তী। খোদ পুলিশ অফিসারকেই রাস্তায় ফেলে বাঁশপেটা করে রক্তাক্ত করলো জনগণ! বাসন্তী থানার এসআই সৌরভ গুহর মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। লুটিয়ে রাস্তায় পড়ে যান। ওই অবস্থাতেই কয়েকজন তাঁকে ঘিরে ধরে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। প্রাণভয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচতে হয় পুলিশ অফিসারকে। আহত পুলিশ অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



 জানা যাচ্ছে, এসআই-ছাড়াও আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেই প্রচারেই হামলা চলে। বাজারে প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসারই। আক্রান্ত পুলিশ অফিসার সাধারণ পোশাকে ছিলেন। তাঁকে রীতিমতো তাড়া করতে থাকে উন্মত্ত দুষ্কৃতীরা। বাঁশ উঁচিয়ে তাড়া দিতে থাকে। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান সৌরভ। তখনই তাঁর গায়ে-মাথায় বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে দুষ্কৃতীরা। কপাল ফেটে রক্ত বেরোতে থাকে এসআই-এর।এরপরই সেখানে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে যায়। ক্যানিং, বাসন্তী, গোসাবা কোস্টাল থানার পুলিশ অফিসাররা মোতায়েন রয়েছেন। রয়েছেন অ্যাডিশনাল এসপি। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এলাকা থমথমে। এলাকায় টহলদারি শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 


Pages