চিৎকার করে কাঁদছে বেইরুট! ধ্বংসস্তূপে পরিণত হয়েছে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

চিৎকার করে কাঁদছে বেইরুট! ধ্বংসস্তূপে পরিণত হয়েছে



বিবিপি নিউজ: লেবাননের রাজধানী বেইরুটে গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের জন্য সরকারের অবহেলাকে দায়ী করছে সাধারণ মানুষ। এর মধ্যেই দেশটির বন্দরের কয়েকজন কর্মকর্তাকে ইতিমধ্যেই গৃহবন্দি করা হয়েছে। ঘটনার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদেরকে ঘরবন্দী অবস্থা রাখা হবে বলে জানিয়েছেন। বেইরুটের  বিধ্বংসী বিস্ফোরণে এখনো পর্যন্ত ১৩৫ জন নিহত এবং আহত হয়েছেন আরো চার হাজারেরও বেশি মানুষ।

এই ঘটনার পর লেবাননে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে বিস্ফোরণের জন্য সরকারকে দায়ী করেছে। বেইরুট অধিবাসী চাদিয়া এলউচি এই মুহূর্তে হাসপাতালে লড়ছেন। ক্ষোভ উগড়ে দিলেন তিনিও, ‘আমি সবসময়ই জানতাম কতগুলো অযোগ্য লোক আর অযোগ্য সরকার এই দেশ পরিচালনা করছে। কিন্তু আমি বলতে চাই এখন তারা যেটা করেছে সেটা ভয়ঙ্কর অপরাধ।’ দেশটির সুপ্রিম ডিফেন্স কাউন্সিল বলছে, দোষী ব্যক্তিদের সর্বোচ্চ সাজা দেয়া হবে।

অন্যদিকে অ্যামনেস্টি ইন্ট্যারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বিস্ফোরণের ঘটনায় স্বতন্ত্র তদন্তের দাবি জানিয়েছে। তারা সরকারি তদন্তের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা প্রকাশ করছে। লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন বলেছেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় গুদামে রাখা ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে এই বিস্ফোরণ হয়েছে। দেশটির কাস্টমস প্রধান বাদরি দাহের বলেছেন, এসব রাসায়নিক পদার্থ সেখান থেকে সরিয়ে নেয়ার জন্য তার সংস্থা বললেও তাতে কোনো কোন কাজ হয়নি। কৃষিকাজের জন্য সার এবং বিস্ফোরক বানানোর জন্য অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। বুধবার মন্ত্রিপরিষদের এক জরুরি বৈঠকে লেবাননের প্রেসিডেন্ট বলেন, ‘বিস্ফোরণের কারণে বেইরুট শহরে যে আতঙ্ক নেমে এসেছিল সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো শহর দুর্যোগ কবলিত হয়েছিল।’

Pages