বিবিপি নিউজ: মানুষকে সচেতন করতে গিয়ে একের পর এক রাজনৈতিক নেতৃত্বরা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এবার সেই তালিকায় বিধাননগরের তৃনমূল কাউন্সিলর সুভাষ বসু। সামনের সারিতে দাঁড়িয়ে মানুষকে সচেতন করতে গিয়ে নিজেই করোনা ভাইরাসের থাবায় প্রাণ হারালেন সুভাষবাবু। আজ বুধবার বুধবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসুর।
৬৩ বছর বয়েসি এই লড়াকু কাউন্সিলরের মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্য ও রাজনৈতিক মহল। তাঁর মৃত্যুতে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়েছেন প্রয়াত কাউন্সিলরের পরিবারকে।
Saddened at the demise of our colleague and councillor of Ward 6, Bidhannagar Municipal Corporation, Subhash Bose. One of the many brave souls who risked his life while working in the frontline. My condolences to his family, well wishers and friends.
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2020
জানা গিয়েছে, লকডাউন চলাকালীন নিজের ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গিয়ে করোনা নিয়ে জনসাধারণকে সচেতন করেন সুভাষবাবু। গরিব মানুষের হাতে তুলে দিয়েছেন খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এরই মধ্যে ২৪ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জ্বর, শ্বাসকষ্ট–সহ একাধিক উপসর্গ নিয়ে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। সময় নষ্ট না করে দ্রুত তাঁর চিকিৎসা শুরু করা হয়। প্রথম দিকে চিকিৎসায় ভাল সাড়াও দিচ্ছিলেন সুভাষবাবু। কিন্তু শেষরক্ষা হল না।
জানা গেছে তাঁর স্ত্রীও করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
