বিবিপি নিউজ: বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল সেতু চালুর পথে কাশ্মিরে। জম্মু-কাশ্মীরের চিনাব নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি আগামী বছরের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে বলে জানা গেছে। রবিবার রেল মন্ত্রণালয় সূত্রে এমনটাই জানিয়েছেন। সেতুটি নির্মিত হলে ২০২২ সালের মধ্যে প্রথমবার ট্রেন চলাচল শুরু হবে। সহজেই কাশ্মীর উপত্যকার বিভিন্ন স্থানে পৌছতে পারবেন।
জম্মু-কাশ্মীরের সেতুটির কেন্দ্রীয় স্প্যান রয়েছে ৪৬৭ মিটারের; যা চিনাব নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে। দিল্লির বিখ্যাত কুতুব মিনারের উচ্চতা ৭২ মিটার এবং প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতার (৩২৪ মিটার) চেয়েও ৩৫ মিটার বেশি উঁচু কাশ্মীরের এই সেতু। এটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এবং সেতুতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬৬ কিলোমিটার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে কাশ্মীর ট্রেন যোগাযোগের সঙ্গে সংযুক্ত হবে। এ লক্ষ্যে উধমাপুর-কাটরা (২৫ কিলোমিটার), বানিহাল-কাজিগুন্দ (১৮ কিলোমিটার) এবং কাজিগুন্দ-বারামুল্লা (১১৮ কিলোমিটার) সেকশনকে সেতুর সঙ্গে যুক্ত করার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১১১ কিলোমিটারের কাটরা-বানিহাল সেকশনের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেতুটির কাটরা-বানিহাল সেকশনের ১৭৪ কিলোমিটার টানেলের মধ্যে ইতোমধ্যে ১২৬ কিলোমিটারের নির্মাণ কাজও শেষ হয়েছে। কাশ্মীরের এই সেতু স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে। মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রাতেও যাতে সেতুটি ঠিক থাকতে পারে সেজন্য সম্পূর্ণ স্টিল দিয়ে সেতু তৈরি হচ্ছে। ট্রেন ও যাত্রীদের ওপর নজর রাখতে অনলাইন মনিটরিংয়ে ব্যবস্থা থাকবে সেতুতে। এছাড়া সেতুর সঙ্গে থাকবে ফুটপাথ ও সাইকেল চালানোর রাস্তা।
