বিবিপি নিউজ: কলকাতায় জোকায় আইআইএম এর হস্টেলে এমবিএ ছাত্রীর রহস্যমৃত্যু। আজ শনিবার দুপুরে হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। তবে তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃতের সহপাঠীদের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ। পাশাপাশি ওই ছাত্রীর মোবাইল খতিয়ে দেখছে।
মৃত ছাত্রীর নাম পায়েল খান্ডেলকর। সে এমবিএ তে পাঠরত ছিলো। এদিন হস্টেলের ঘরের দরজা খুলতে না দেখে সহপাঠীরা পায়েলকে ডাকাডাকি করতে শুরু করেন। কিন্তু তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে খবর দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। তাঁরাই পুলিশকে ঘটনার কথা জানায়। এদিন দুপুর ১২টা নাগাদ হস্টেলে এসে ওই ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। তবে ওই ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আড়াই বছর আগে তাঁর বিয়ে হয়। পায়েলের স্বামী কর্মসূত্রে আহমদাবাদে থাকেন।মৃত ছাত্রীর বাপের বাড়ি বাগুইআটিতে। সেখানে এবং তাঁর স্বামীকে এ ঘটনার কথা জানিয়েছে পুলিশ। যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশের।
