হাওড়ায় স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার দাবিতে বিক্ষোভ,‌ লাঠিচার্জ জিআরপির - BBP NEWS

Breaking

শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

হাওড়ায় স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার দাবিতে বিক্ষোভ,‌ লাঠিচার্জ জিআরপির



বিবিপি নিউজ: হাওড়ায় স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার দাবিতে যাত্রীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল স্টেশন। বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ করে জিআরপি। শুক্রবারের পর আজ, শনিবারে ফের স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে যাত্রীরা। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া স্টেশন। আর তা ঘিরে রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় হাওড়া স্টেশন চত্বরে।  

এদিন সন্ধেয় স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়তে প্রচুর সংখ্যক যাত্রী হাজির হয় হাওড়া স্টেশনে। কিন্তু তাঁদের স্টেশনে ঢুকতে বাধা দেয় রেলপুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা গেট ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। শয়ে শয়ে মানুষের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড শুরু হয় স্টেশনে। তাঁদের প্রশ্ন, স্টাফ স্পেশ্যাল ট্রেনে তাঁদের কেন উঠতে দেওয়া হবে না!‌ রেলকর্মীরা যাঁরা প্রচুর টাকা বেতন পান, তাঁরা ওই ট্রেনে উঠতে পারবেন। অথচ সাধারণ মানুষকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। এদিন হাওড়া স্টেশনের গেটের তালা ভেঙে দেন বিক্ষুব্ধ যাত্রীরা। লাঠিচার্জ করতে এলে পুলিশের লাঠি কেড়ে নেওয়া হয়। পাল্টা পুলিশের দিকে ছুঁড়ে মারা হয় লাঠি। এক মহিলা পুলিশকে ভিড়ের মধ্যে টেনে নিয়ে মারধর করতে শুরু করেন মহিলা যাত্রীরা। তাঁদের অভিযোগ, বিনা প্ররোচনায় এদিন যাত্রীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। মহিলা যাত্রীদের অভিযোগ, জিআরপি–র পুরুষ পুলিশরা তাঁদের ওপর লাঠিচার্জ করেছে।প্রথমদিকে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলেও পরে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে এদিন ছত্রভঙ্গ করে দেয় যাত্রীদের। স্টেশনের বাইরে বের করে দেওয়া হয় তাঁদের। যাত্রীদের মধ্যে অনেকেরই লাঠির ঘায়ে জখম হয়েছেন। এরপরেই রাতে লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে নড়েচড়ে বসেছে রাজ্যের সরকার।

Pages