বিবিপি নিউজ: তিনদিন আগে তাঁর করোনা ভাইরাসের রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপরেই শারিরীক অসুস্থ হয়ে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ সরকারের আইন দফতরের সচিব সন্দীপ কুমার রায়চৌধুরী। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রায় এক মাস ধরে ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনদিন আগে তিনি করোনামুক্ত হন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তার পরই শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়।
মৃত্যুকালে সন্দীপবাবুর বয়স হয়েছিল ৫৬ বছর। গত ৩ আগষ্ট স্ত্রী ও কন্যার সঙ্গে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরপর ৩ বার সন্দীপবাবুর করোনা রিপোর্ট পজিটিভ আসে। টানা ২৪ দিন তিনি আইসিইউ–তে ভর্তি ছিলেন। মঙ্গলবার সন্দীপবাবুর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে নন–কোভিড আইসিইউ–তে স্থানান্তর করা হয়। তবে তখনও তাঁর শ্বাসকষ্ট ছিল। শরীরে অক্সিজেনের পরিমাণ ওঠানামা করছিল। শুক্রবার রাতে তাঁর অবস্থা হঠাৎ আশঙ্কাজনক হয়ে ওঠে। তার পর এদিন সকালে কার্ডিয়াক অ্যারেস্টের তাঁর মৃত্যু হয়।
