বিবিপি নিউজ: নদিয়ার গয়েশপুরের রেশ কাটতে না কাটতেই ফের বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ রাজ্যের শাসকদল তৃনমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে অর্জুন গড় উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া। মৃত বিজেপি কর্মীর নাম বীরেন্দ্র সাউ (৪৪)।
অভিযোগ, সপ্তমীর দিন বাড়ির সামনেই বীরেন্দ্রকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শনিবার কল্যাণী জেএনএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। জানা গেছে, সপ্তমীর দিন কাঁকিনাড়ার ১১ নম্বর গলিতে বাড়ির সামনে বসেছিলেন বীরেন্দ্র। হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয় ও তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় রাতে তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের পরিবার সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে বীরেন্দ্রকে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাঁকে বলা হয়, হয়তো বিজেপি ছেড়ে দিতে হবে, নয়তো নাম লেখাতে হবে শাসকদলে। কিন্তু তাতে তিনি রাজি হননি। তাই তাঁকে পিটিয়ে খুন করেছে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি, ওই ব্যক্তি বেশিরভাগ সময়ই মদ্যপান করে থাকেন। পারিবারিক কিছু সমস্যাও ছিল তাঁর।
