বিবিপি নিউজ: বাথটাবে শুয়ে দুধ দিয়ে স্নান করায় গ্রেফতার হয়েছেন তুরস্কের ডেইরির এক কর্মী। এই ঘটনায় ভিডিও ধারণ করা ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম উগুর টুটগুট। ভিডিওতে দেখা গেছে, মনের আনন্দে মগ দিয়ে মাথায় দুধ ঢেলে চুল পরিষ্কার করছেন তিনি।
প্রতিবেদনে আরো জানা গেছে, দুধ দিয়ে স্নান করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তারপর দুই জনকে গ্রেফতারের পর ডেইরি ফার্মটি বন্ধ করা হয়েছে। অবাক করার বিষয় হলো বাথটাবটি সেই কারখানার ভেতরেই। ধারণা করা হচ্ছে প্রতিদিন তিনি এই কাজ করতেন। স্থানীয় প্রশাসন ওই ডেইরি ফার্মটিকে জরিমানা করেছে। কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে কারখানাটি বন্ধ করা হয়েছে। দেশটির কৃষিমন্ত্রী বলেছেন, ভিডিওটি দেখার পর সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই আপাতত ডেইরি ফার্মটি বন্ধ রাখা হয়েছে।
