টাকিতে চলবে বুলডোজার! ইছামতির তীরে বেআইনি গেস্ট হাউসে নোটিশ ধরালো পুরসভা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

টাকিতে চলবে বুলডোজার! ইছামতির তীরে বেআইনি গেস্ট হাউসে নোটিশ ধরালো পুরসভা



বিবিপি নিউজ: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি অন্যতম পর্যটক স্থান। আর এই টাকির ইচছামতি নদীর গা ঘেঁষে গড়ে ওঠা একাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিস দিল টাকি পৌরসভা। উপযুক্ত নথি দেখাতে না পারায় এই নির্মাণগুলিতে সাঁটিয়ে দেওয়া হল পুরসভার নোটিস। দেওয়া হল এক সপ্তাহ সময়। ফলে সেখানে বুলডোজার অ্যাকশনের অপেক্ষায় এলাকাবাসী।



ইছামতি নদীর ধারে একের পর এক হোটেল, নদীর গা ঘেঁষেই তৈরি হয়েছে গেস্ট হাউস। অভিযোগ, যার মধ্যে বেশকিছু তৈরি হয়েছে বেআইনিভাবে।  এবার সেই বেআইনি নির্মাণগুলিই ভেঙে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। তালিকায় রয়েছে ১৩টি গেস্ট হাউস। যার অধিকাংশ তৈরি হয়েছিল 

তৃণমূল জমানায় গত ১৫ বছরে। নতুন সরকার ক্ষমতায় আসার পর, ১৫ মে পুর ও নগরোন্নয়ন দফতর নোটিস পাঠায় টাকি পুরসভায়। তাতে বলা হয়, সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সেইমতো ৫৬টি গেস্ট হাউস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নোটিস দেয় টাকি পুরসভা। বাকিরা নথি দেখাতে পারলেও, ১৩টি গেস্ট হাউসের নথি পুরসভায় জমা পড়েনি। এরপরই ১ সপ্তাহ সময় দিয়ে নোটিস দেওয়া হয় এই ১৩টি গেস্ট হাউসকে। 


এই বিষয়ে টাকি পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় জানান, 'গত মে মাসের ১৫ তারিখ পুর দপ্তর থেকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জারি হয়। সেইমতো পুরসভা তদন্ত করে ১৭ই জুন তেরোটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নোটিস জারি করেছে।' এর আগে কলকাতা-সহ একাধিক জেলায় বেআইনি নির্মাণ ভাঙতে রাস্তায় নেমেছে বুলডোজার। এবার সেই পথে হাঁটতে চলেছে টাকি পুরসভাও।


টাকি| বেআইনি নির্মান|গেষ্ট হাউজ|পুরসভা|নোটিশ|ইছামতি|পর্যটক স্থান 

Pages