বিবিপি নিউজ: সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার সাংসদ সুনীল মণ্ডলের উপর তৃনমূলের হামলা ঘিরে ধুন্ধুমার শহর কলকাতায়। এদিন বিজেপির হেস্টিংস অফিসের সামনে তৃনমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিন সকালে সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তাঁর গাড়ির বনেটের উপরেও হামলা চালানো হয় বলেও অভিযোগ। বাধা দিতে গেলে শাসকদলের নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শনিবার সকালে বিজেপিতে আসা নবাগতদের সংবর্ধনা দেওয়ার কথা বিজেপির তরফে। সেই মতো বিজেপির হেস্টিংস অফিসে সকাল সাড়ে দশটা নাগাদ আসেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল। অভিযোগ, সাংসদ আসতেই তাঁর গাড়ি ঘিরে ধরে স্থানীয় তৃণমূল কর্মীরা। ঝান্ডা দিয়ে গাড়ির বনেটে মারা হয় বলেও অভিযোগ। সুনীল মণ্ডলকে কোনওরকমে বিজেপি কর্মীরা পার্টি অফিসের ভিতরে নিয়ে যায়। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। উত্তেজনা চরমে পৌঁছয়। সুনীল মণ্ডলকেও তৃণমূল কর্মীরা ধাক্কা দেয় বলে অভিযোগ। বিজেপির হেস্টিংস পার্টি অফিসের সামনে তৃণমূল অস্থায়ী মঞ্চ করে কৃষি আইনের প্রতিবাদে পথ সভা করছে। মাইক বাজছে। তার ফলে আবারও অশান্তির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
