বিবিপি নিউজ: দিন দিন পেট্রল-ডিজেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্কুটার করে নবান্নে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর স্কুটার চালালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এর পরেই একের পর এক আক্রমন করলেন কেন্দ্রীয় মোদী সরকারকে। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বললেন, মোদি সরকার কবে দেশটাকেই বেচে দেবে। মোদি সরকার যখন প্রথম ক্ষমতায় আসে তখনকার এবং এখনকার পেট্রল-ডিজেলের দামের মধ্যে বিরাট পার্থক্য, এটা একটা বড়সড় ভাঁওতা।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন গাড়ির পরিবর্তে হাজরা থেকে ইলেক্ট্রিক স্কুটারে নবান্ন পর্যন্ত যান মমতা। গাড়ির বদলে বাড়ি থেকে হেঁটে হাজরা মোড় আসেন তিনি। সেখান থেকে ইলেকট্রিক স্কুটারে নবান্নে যান। নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে পেট্রল, ডিজেল, গ্যাসের দাম বেড়েছে, আমরা তার প্রতিবাদ করছি। একটা গ্যাস সিলিন্ডার ৮০০ টাকা হয়ে গিয়েছে, গতকাল রাতে আবার দাম বেড়েছে। এখন কেরোসিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমার রাজ্যের ১ কোটি মানুষ কেরোসিনে রান্না করেন। তাঁরা রান্না করার জন্য কেরোসিন পাচ্ছেন না। পেট্রল, ডিজেলের দাম বাড়লে রান্নাঘরেও আগুন লাগে।
