বিবিপি নিউজ: আজ ৮ জুলাই বৃহস্পতিবার ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলির জন্মদিন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বর্তমান বিসিসিআইয়ের প্রশাসক সৌরভ গাঙ্গুলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বাংলার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ আজ ৪৯ বছরে পা দিলেন সৌরভ। এদিন বিকেল ৫টা নাগাদ সৌরভের বেহালার বাড়িতে তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন মমতা। এর আগে কখনও সৌরভের বাড়িতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেননি মমতা। এমনটা প্রথমবার ঘটল। বলা যেতেই পারে বাংলার 'দাদা'র বাড়িতে বাংলার 'দিদি'। ৮ জুলাই এক ঐতিহাসিক দিন হয়ে থাকল। প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রাজ্যের মুখ্যমন্ত্রীর।এর আগে গত জানুয়ারি মাসে যখন সৌরভের হৃদযন্ত্রে স্টেন্ট বসেছিল, তখন মমতা হাসপাতালে ছুটে গিয়েছিলেন তাঁর প্রিয় সৌরভকে দেখতে। এবার সৌরভের বাড়িতে পা রাখলেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল থেকেই সৌরভের বাড়ির সামনে মিডিয়া ও তাঁর অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে এবার কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই সৌরভ নিজের বাড়িতে অতিথিদের আগমনে রাশ টেনেছেন। পরিবারের সকলের সঙ্গে বাড়িতেই সকালে কেক কেটেছেন মহারাজ। তবে সবটাই ক্লোজ ডোর।
