অমিত মিত্রের ইনিংস শেষের পথে, রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী হচ্ছে কে? - BBP NEWS

Breaking

রবিবার, ১১ জুলাই, ২০২১

অমিত মিত্রের ইনিংস শেষের পথে, রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী হচ্ছে কে?



বিবিপি নিউজ:‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হিসাবে ১০ টা বছর পার করলেন অমিত মিত্র। অবশেষে অর্থমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে চলেছেন মমতার একনিষ্ঠ নেতা। কারন হিসাবে জানা যাচ্ছে আর ভোটে দাঁড়াচ্ছেন না অমিত মিত্র। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটেও দাঁড়াননি তিনি। কিন্তু ভোটের পর তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েই মমতা ব্যানার্জি ফের অমিত মিত্রকেই অর্থমন্ত্রী করেন। 


চলতি বছরের নভেম্বর মাসে তাঁর ৬ মাসের মেয়াদ শেষ হচ্ছে। কারণ অর্থমন্ত্রী হিসাবে তারপরও কাজ চালাতে গেলে ৬ মাসের মধ্যে তাঁকে উপনির্বাচনে জিতে আসতে হবে। তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। শারীরিক অসুস্থতার জন্য আর উপনির্বাচনে দাঁড়াতে চান না অমিত মিত্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জানিয়ে দিয়েছেন এ কথা। এরপরেই জল্পনা শুরু রাজ্যের নতুন অর্থমন্ত্রী কে হবেন? কাকে অর্থনীতির ভার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 মুখ্যমন্ত্রীর কাছে একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কে হবেন পরবর্তী অর্থমন্ত্রী সে বিষয়ে এখনও কিছু ঠিক করতে পারেননি মমতা ব্যানার্জি। এমনটাই খবর নবান্ন সূত্রে। অনেকে আবার বলছেন মমতা ব্যানার্জি নিজেই হয়তো অর্থমন্ত্রক সামলাবেন। কিন্তু মমতা ব্যানার্জিকেও তো ৬ মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে। কিন্তু নির্বাচন যদি সঠিক সময়ে না হয় সেক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। তবে অর্থমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পরও অমিত মিত্রকে অর্থ মন্ত্রকের উপদেষ্টার পদ দেওয়ার কথাও ভাবছেন মমতা ব্যানার্জি। 

Pages