বিবিপি নিউজ: ভুল তথ্য ও ভুল ট্যুইট এটা আর নতুন কিছু নয় বঙ্গ বিজেপির কাছে। কখনো নিজেদের কথা বলতে গিয়ে ভুলে ভরা টুইট। কখনও বানান ভুল। কখনও তথ্য। কখনও আবার ছবি ভুল। এবার বাংলা থেকে কেন্দ্রে মন্ত্রী হলেন চার জন। সেই মন্ত্রীদের নিয়েও ভুল তথ্য দিল বঙ্গ বিজেপির করা ট্যুইট পোস্ট। এরপরেই হাসির খোরাক হলেন গেরুয়া শিবির।
এবার ট্যুইটের কেন্দ্রে বনগাঁর শান্তনু ঠাকুর এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। বিজেপির ট্যুইটে
শান্তনু ঠাকুরের একটি ছবি পোস্ট করে লেখা হল, ‘কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপস্থিতিতে কেন্দ্রীয় বন্দর,জাহাজ এবং জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন শান্তনু ঠাকুর।’ যদিও শান্তনু যে দপ্তরের মন্ত্রী, সেখানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আর অর্জুন রাম মেঘওয়াল হলেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। পাশাপাশি যে ছবি পোস্ট করা হয়েছে, সেটি সংসদের কক্ষ বা মন্ত্রকের দপ্তর নয়। কারণ ছবিটিতে একসঙ্গে জনসংঘের দুই প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে। শান্তনু মন্ত্রিসভার দায়িত্ব বুঝে নেওয়ার আগে গিয়েছিলেন বিজেপি দপ্তরে। সেখানকার ছবিকেই ভুল করে পোস্ট করেছে বিজেপি। অন্য একটি টুইটে নিশীথ প্রামাণিকের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। অমিত শাহর সঙ্গে নিশীথের ছবি পোস্ট করে বঙ্গ বিজেপি–র টুইট, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নিশীথ প্রামাণিক।’ প্রকৃতপক্ষে তিনি বৃহস্পতিবার যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের দায়িত্ব নেননি। গতকাল তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব তিনি শুক্রবার নিয়েছেন। বিজেপির ট্যুইটের এমন ভুলে পরিহাস তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে বঙ্গ বিজেপির কোনো নেতৃত্ব মুখ খোলেননি।
