ত্রিপুরায় গিয়ে চ্যালেঞ্জ অভিষেকের, 'হয় মরব, নয় বাঁচব! কিন্তু জিতেই রাজ্যে ছাড়ব - BBP NEWS

Breaking

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

ত্রিপুরায় গিয়ে চ্যালেঞ্জ অভিষেকের, 'হয় মরব, নয় বাঁচব! কিন্তু জিতেই রাজ্যে ছাড়ব

 


বিবিপি নিউজ: বিজেপি ভয় পাচ্ছে। তাই তো এমন আক্রমণ করছে। তবে বিজেপি যতই আক্রমণ করুক না কেন, প্রাণ বাজি রেখেও ত্রিপুরা জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷


 আজ আগরতলায় সাংবাদিক বৈঠকে বিপ্লব দেব সরকারের উদ্দেশে অভিষেকের হুঁশিয়ারি, 'হয় মরব, নয় বাঁচব৷ কিন্তু জিতে রাজ্য ছাড়ব৷' একই সঙ্গে অভিষেক ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, 'ল্যাজে গোবরে করে সুপ্রিম কোর্টে হারাব। টানতে টানতে নিয়ে যাব।' রবিবার  থেকেই ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে পৌঁছেছে৷ তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ গ্রেফতারের পর আজ সোমবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করার জন্য পৌঁছান তৃণমূল সাংসদেরা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রাজি না হওয়ায় ধর্নায় বসেন সাংসদেরা। অবশেষে বিকেলে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক বসলেন অমিত শাহ। 


এ দিন ত্রিপুরায় গিয়ে বিপ্লব দেব সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক৷ তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশও মানেনি ত্রিপুরা সরকার৷ শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আক্রান্ত হচ্ছেন তৃণমূলের প্রার্থী, নেতা, কর্মীরা৷ আদালত অবমাননার অভিযোগে তৃণমূল ফের শীর্ষ আদালতে মামলা করেছে বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

অভিষেক বলেন, 'যে পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলছে। তাতে দিনের আলোয় মানুষের বেরনো মুশকিল হয়ে গিয়েছে। এমন নৈরাজ্য, বাতাবরণ করা হয়েছে যা দেখা যায়নি। পুলিশের সামনে থানায় আক্রমণ হচ্ছে। আর পুলিশ নীরব দর্শক। আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। বিপ্লব দেবের দুয়ারে গুন্ডার মস্তানরা আমাদের কর্মীদের নির্মম ভাবে পিটিয়েছে, হাসপাতালেও মেরেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই রাজনৈতিক দল হিংসা বাড়াচ্ছে। আসলে পায়ের তলায় মাটি সরে গেছে। আজ সুপ্রিম কোর্টে গেছি। আদালত অবমাননার মামলা গ্রহণ হয়েছে।'


Pages