বিবিপি নিউজ,চেন্নাই: আজ রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন থালাপতি বিজয়। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বড় ঘোষণা করলেন বিজয়। রাজ্যবাসীর বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের সুরক্ষা এবং মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ।
শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি হেল্পলাইন নম্বর সহ বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম নির্দেশ ছিল বিজয়ের। কৃষি, শিল্পব্যবস্থা নিয়েও কথা বলেছেন বিজয়। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জলের মতো মৌলিক বিষয়গুলির উপর তিনি মনোযোগ দেবেন। কৃষক ও জেলেদের যত্ন নেওয়া হবে। সবকিছু ভালো হবে।” নিজের সম্পর্কে বিজয় বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে এখন মুখ্যমন্ত্রী হয়েছে। আমি অভাব দেখেছি, খিদে দেখেছি। আমি কোনও রাজপরিবার থেকে আসিনি। আমি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলের মতো, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন, গ্রহণ করেছেন।” ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করল টিভিকে। সরকার গঠনের ম্যাজিক ফিগার ছিল ১১৮। কিন্তু, টিভিকে জিতেছিল মোট ১০৮টি আসনে। পরে কংগ্রেস ও বামেদের সমর্থন নিয়ে ১১৬-তে পৌঁছয় বিজয়ের দল। বাকি ছিল দু’টি আসনের। তা নিয়েও কম নাটক হয়নি। প্রথমে শোনা যাচ্ছিল আঞ্চলিক দল ভিসিকে সমর্থন করবে না টিভিকে-কে। যদিও কাল বিকেলে ভিসিকে নেতাদের সঙ্গে দেখা করেন টিভিকে দলের নেতারা। তারপরই বরফ গলে বলে শোনা যায়। শেষপর্যন্ত ভিসিকে ও আইইউএমএল-এর সমর্থনে সংখ্যাগরিষ্ঠাতায় পৌঁছে যায় টিভিকে-র দল।
