ঘূর্ণিঝড় 'জাওয়াদ'-এর শঙ্কায় প্রস্তুত রাজ্য,মোতায়েন এনডিআরএফের ৪৬ টিম - BBP NEWS

Breaking

শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় 'জাওয়াদ'-এর শঙ্কায় প্রস্তুত রাজ্য,মোতায়েন এনডিআরএফের ৪৬ টিম

 


বিবিপি নিউজ: রবিবার পুরী ছুঁয়ে বাংলার পথে এগোবে ঘূর্ণিঝড় জাওয়াদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ঘুম উড়ছে বাংলার। শনিবার, রবিবার তো বটেই, সোমবারও কয়েকটি জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে এমনটাই বলছে আবহাওয়ার রিপোর্টে। শনিবার বিকাল থেকে ঝড়ের বেগ বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অমাবস্যার ভরা কোটালের জন্যও বিপদ আরও বেশি আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বাঁধগুলি নিয়ে বাড়ছে উদ্বেগ। ওড়িশা, অন্ধ্র ও বাংলার উপকূলে মোতায়েন এনডিআরএফ। বিপর্যয় মোকাবিলায় মোতায়েন এনডিআরএফের ৪৬ টি টিম।


সোমবার দক্ষিণ ২৪ পরগনা উপকূলে পৌঁছতে পারে জাওয়াদ। তবে হয়তো ঘূর্ণিঝড় হিসেবে নয়, কিছুটা শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপ রূপে। তাতেও ঝড়-বৃষ্টির হাত থেকে রেহাই নেই। দমকা বাতাসের জন্য দুশ্চিন্তা ভরা কোটাল নিয়েও। বৃষ্টিতে ফসলের বড়সড় ক্ষতির ভয় রয়েছে। এখনও অধিকাংশ এলাকায় ক্ষেতে রয়েছে পাকা ধান। পাশাপাশি একাধিক ফসল। ঘূর্ণিঝড় জাওয়াদের সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শনিবার অতি ভারী বৃষ্টি দুই মেদিনীপুরে। ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায়। হালকা বৃষ্টি হতে পারে মালদহে।বৃষ্টি থেকে রাজ্যে রেহাই নেই মঙ্গলবারও। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনায়। 


Pages