বিবিপি নিউজ: এই নিয়ে টানা চারবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। অন্যবারের থেকে অনেকটাই কঠিন ছিল এবারের সফর। কারণ এবার মাঠে ও মাঠের বাইরে লড়তে হয়েছে ইয়াশ ধুলের টিমকে। একেএর পর এক শক্তিশালী প্রতিপক্ষ। তার উপর দলে মারন ভাইরাস করোনার হানা। কাজটা যে কতটা শক্ত ছিল তা একমাত্র ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাই জানতেন। কিন্তু সবকিছু উপেক্ষা করে ফাইনালের চাবিকাঠি হাতে পেয়ে গেলেন অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে দুরমুশ করার পর সেমিতে অস্ট্রেলিয়াকেও উড়িয়ে দিল ভারতীয় দল।
এর আগে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত। ২০১৮ যুব বিশ্বকাপের অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। আর ২০২০ যুব বিশ্বকাপের ফাইনাল তো এখনও ভারতীয় সমর্থকদের মনে টাটকা স্মৃতির মতো। সেবার ফাইনালে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল ভারতীয় দলকে। এখনও পর্যন্ত মোট আটবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারতীয় দল। তার মধ্যে এখনও পর্যন্ত চারবার খেতাব ঘরে তুলেছে ভারত। রানার্স হয়েছে তিনবার।