বিবিপি নিউজ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে টিম ইন্ডিয়া। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার একটি টেস্ট হবে দিবারাত্রির, ভেন্যু বেঙ্গালুরু।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সংবাদমাধ্যমকে দিবারাত্রির টেস্টের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, বেঙ্গালুরুতে হবে গোলাপি বলের টেস্ট। ’ তবে অন্য ম্যাচগুলো কোথায় হবে তা এখনো নিশ্চিত হয়নি। ভারত এখন পর্যন্ত দিবারাত্রির টেস্ট খেলেছে তিনটি। এর দুটি ঘরের মাঠে। নিজেদের প্রথম দিন-রাতের টেস্টের জন্য তারা বেছে নেয় বাংলাদেশকে। ২০১৯ সালের নভেম্বরে কলকাতার সেই ম্যাচে ইনিংস ও ৪৬ রানে জেতে ভারত। এরপর ২০২১ সালে ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে তাদের জয় ১০ উইকেটে। মাঝে অ্যাডিলেডে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে ৮ উইকেটে। ভারত-শ্রীলঙ্কা দিবারাত্রির টেস্ট মাঠে গড়াবে ২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ মার্চ। পরে টি-টোয়েন্টি তিনটি হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। ওয়ানডে দিয়ে যে সিরিজ শুরু হচ্ছে রবিবার।