বিবিপি নিউজ: গতকাল রাতে ডাউন ব্যান্ডেল লোকাল শক্তিগড়ের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। এর জেরে বিপর্যস্ত ওই শাখার ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই ১০ ঘন্টা অতিক্রম হয়েছে। চলছে লাইন মেরামতের কাজ। তবে কখন ফের স্বাভাবিক ছন্দে চলবে লোকাল তা স্পষ্ট নয়।
হাওড়া-বর্ধমান মেন লাইন ও কর্ড শাখার পরিষেবা ব্যাহত। তার জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। আপাতত লাইন মেরামতির কাজ চলছে। রেল আধিকারিকদের বক্তব্য, দ্রুত লাইন মেরামতি-সহ অন্যান্য কাজ করা হচ্ছে। যত তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।
বুধবার রাতে শক্তিগড় স্টেশনে ঢোকার ঠিক আগেই বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং বর্ধমান-ব্যান্ডেল লোকাল একই লাইনে চলে এসেছিল। তার জেরে মুখোমুখি সংঘর্ষ হয়। মালগাড়িটি কর্ড লাইনের দিকে যাচ্ছিল। সেইসময় লোকাল ট্রেনটিও কর্ড লাইনের দিকে সরে আসে।
যদিও সরকারিভাবে সেই সংঘর্ষের কথা স্বীকার করেনি রেল। পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে, রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ ৩৭৭৮৪ বর্ধমান-ব্যান্ডেল লোকাল যখন শক্তিগড় স্টেশনে ঢুকছিল, তখন দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। হাওড়া বা ব্যান্ডেলের অভিমুখে প্রথম যে দুটি বগি ছিল, সেই দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে পূর্ব রেলের তরফে দাবি করা হয়েছে। রেলের দাবি, দ্রুত দুর্ঘটনাস্থলে ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ পাঠানো হয়। আপাতত চলছে লাইন মেরামতির কাজ।
