বিবিপি নিউজ: পূর্ব মেদিনীপুরের এগরা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৯। এগরার সাহাড়া অঞ্চলের গোপীনাথপুর চাঁদকুড়ি গ্রামের বিস্ফোরণের চারপাশ থেকেই দেহগুলি একে একে উদ্ধার করে পুলিশ।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির পাশে থাকা একটি পুকুরের মধ্যে থেকেও অগ্নিদগ্ধ দেহ এবং দেহাংশ উদ্ধার হয়েছে।
এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গুরুতর আহতাবস্থায় সাত জন হাসপাতালে চিকিত্সা চলছে।
পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, ৯ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি।
এ দিন সকাল এগারোটা নাগাদ কৃষ্ণপদ ওরফে ভানু বাগের বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের জেরে গোটা বাড়িটি উড়ে যায়। ওই বাড়ির চারপাশেই ছড়িয়ে ছিঁটিয়ে পড়েছিলেন মৃত এবং আহতরা।
ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে। যদিও বিরোধীরা এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, এনআইএ তদন্তে রাজ্য সরকারের আপত্তি নেই।
