বিবিপি নিউজ: সোমবার ঝাড়খণ্ডের ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ধানবাদ ডিভিশনের অধীনে নিচিতপুর রেল ক্রসিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়া-নয়াদিল্লি রেল রুটে।
একটি ওভারহেড বৈদ্যুতিক (ওএইচই) খুঁটি স্থাপনের সময় এই ঘটনা ঘটে, রেলওয়ের কর্মকর্তারা সংবাদ সংস্থা এএনআইকে একথা জানিয়েছেন।
ঘটনার জেরে হাওড়া-নয়াদিল্লি রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই রেলওয়ের কর্মকর্তা ও রেলওয়ের চিকিৎসক ও প্যারা-মেডিকেল কর্মীরা সড়কপথে ঘটনাস্থলে রওনা হন।
ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ডিআরএম কমল কিশোর সিনহা। তিনি ছয়জন কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় নিহতরা হলেন লাতেহারের সঞ্জয় ভূঁইয়া, প্রয়াগরাজের সুরেশ মিস্ত্রি এবং গোবিন্দ সিং এবং পালামুর নামদেব সিং। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

