বিবিপি নিউজ: আবহাওয়ার কথা মাথায় রেখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের দিন রিজার্ভ ডে বা অতিরিক্ত দিনের চিন্তাভাবনা করে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আশঙ্কা সত্যি করে বৃষ্টির দাপটে শুরুই করা গেল না আইপিএল ফাইনাল খেলা।
আবহাওয়ার খামখেয়ালীপনায় দফায় দফায় বৃষ্টিতে বাতিল করে দিতে হয় খেলা। গুজরাত টাইটান্স-চেন্নাই সুপার কিংস-এর ম্যাচ হওয়ার কথা আজ সোমবার। যদিও তা নিয়ে সংশয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটপ্রেমীরা। কেমন থাকবে সোমবার বিকেলের পর আহমেদাবাদের আবহাওয়া, তা জানতে ভরসা আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও আহমেদাবাদে বৃষ্টি হবে। স্বস্তির খবর, সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাতে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কম। এদিন সকালে আহমেদাবাদে মাঝারি মানের বৃষ্টি হয়েছে। আবহবিদদের আশ্বাস, দিনের দ্বিতীয় অংশে মেঘ মুক্ত হতে শুরু করবে আকাশ।
