কলকাতায় বিপদজনক বাড়ি ভেঙে মৃত-১, আহত নাবালক-সহ দুই - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

কলকাতায় বিপদজনক বাড়ি ভেঙে মৃত-১, আহত নাবালক-সহ দুই



বিবিপি নিউজ: পুরসভার পক্ষ থেকে আগেই বিপদজনক বাড়ি হিসেবে চিহ্নিত করেছিল।সতর্কতামূলক বোর্ডও টাঙানো ছিল বাড়ির দেওয়ালে। এরপরেও ওই বাড়িতে বসবাস করছিলেন বেশকিছু পরিবার।


পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ প্রায় ১০০ বছর পুরনো একটি পাঁচ তলা বাড়ির তিন তলার একটি অংশ ভেঙে পড়ে। বিকট শব্দে বাড়ির বাসিন্দারা ভয়ে বাইরে বেরিয়ে চলে আসেন।


 খবর দেওয়া হয় দমকলে। তবে ওই ধ্বংসস্তূপে আটকে পড়েন এক দম্পতি এবং এক নাবালক। দমকলের সাহায্যে রাত তিনটে নাগাদ ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে হাসপাতালেই মৃত্যু হয় এক মহিলার। বাকি দু’জনের চিকিৎসা চলছে কলকাতা মেডিক্যাল কলেজে। ওই মহিলার স্বামীর পরিস্থিতি আশঙ্কাজনক। 


ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায়।  ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল।

পুলিশ আরও জানিয়েছে, বাড়িটিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছিল। সতর্কতামূলক বোর্ডও টাঙানো ছিল বাড়ির দেওয়ালে। তা সত্ত্বেও বাড়িটিতে প্রায় ৩০-৪০ জন বাসিন্দা বসবাস করছিলেন।


 এই দুর্ঘটনার পর বাড়িটির মালিকপক্ষ এবং পুরসভার উপর ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। ওই বাড়ির এক বাসিন্দা বলেন, “এক সপ্তাহ আগেও বাড়িটির একাংশ ভেঙে পড়েছিল। গত ২০ বছর ধরে বাড়িটিতে কোনও মেরামতের কাজ হয়নি। 


বার বার বলেও কোনও কাজ হয়নি। বাড়িটি সারানোর মতো ক্ষমতা তাঁদের নেই। বাড়িটির হাল ক্রমে খারাপ হতে থাকলেও তাঁদের কিছু করার ছিল না। মালিক বা পুরসভা কখনই কোনও পদক্ষেপ করেনি।''

Pages