বিবিপি নিউজ: মঙ্গলবার সাতসকালে শিয়ালদহ মেইন লাইনে ট্রেন অবরোধ। এর জেরে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। এদিন সকাল সাড়ে ৭ টায় শিয়ালদহ রানাঘাট শাখার মদনপুর স্টেশনে অবরোধ শুরু হয়।
বিশেষত ১২ কোচের ট্রেনের দাবিতে অবরোধ করেন নিত্যযাত্রীরা। দিনের ব্যস্ত সময় এই অবরোধের জেরে নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন। অবরোধের জেরে শিয়ালদহের এই শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরফলে একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।
অবরোধকারী যাত্রীদের বক্তব্য, দিনের ব্যস্ত সময়, যখন বেশি ভিড় হওয়ার সম্ভাবনা, তখন এই লাইনে দেওয়া হয় মেমু (MEMU) ট্রেন। যার গেট ছোট হওয়ায় যাত্রীদের উঠতে সমস্যা হয়। এই সমস্যার কথা জানিয়ে আগেও বহুবার রেলের কাছে তাঁরা আবেদন করেছেন। সকাল থেকে অফিস টাইম পর্যন্ত ১২ বগির ট্রেন দেওয়া হোক। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি। এভাবে ছোট গেটে মেমু ট্রেনেই কষ্ট করে যাতায়াত করতে হয়েছে তাঁদের। আর গ্যালোপিং ট্রেনগুলকেও মদনপুরে স্টপেজ দিতে হবে। এই বিষয়ে রেল কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতির দাবি জানাচ্ছেন তাঁরা। রেলের তরফে আশ্বাস এবং তা দ্রুত কার্যকর করা না হলে এভাবেই প্রতিবাদ জারি রাখবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অবরোধকারীরা।
