দুর্গা পুজোর প্রাক্কালে অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির বিশেষ প্রশিক্ষণ শিবির - BBP NEWS

Breaking

সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

দুর্গা পুজোর প্রাক্কালে অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির বিশেষ প্রশিক্ষণ শিবির

 



বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জী: শরতের নির্মল আকাশে রাশি রাশি সাদা মেঘের আনাগোনা, বাতাসে শিউলি ফুলের সুবাস, পথে ঘাটে নজরে আসে কাশফুলের বাহার। আগমনীর সুর সর্বত্র।আগমনির সাজে সজ্জিত হচ্ছে প্রকৃতি। সবাই প্রস্তুতি নিচ্ছেন বাঙালির সব থেকে বড় উৎসবের জন্য। মৃৎশিল্পীদের ব্যস্ততা চূড়ান্ত ভাবে বেড়ে গেছে, আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জার কর্মীদের ব্যস্ততাও দিনদিন বাড়ছে। সব কিছুর পাশাপাশি এই মহাপুজার জন্যে পুরোহিতদের অধ্যয়নের মাত্রাও দিন দিন বাড়ছে।


 সবাই নতুন নতুন পুথি সংগ্রহ করে তাদের জ্ঞান বাড়ানোর চেষ্টা করছেন।ইতি মধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতির উদ্যোগে শুরু হয়ে গেছে দুর্গা পূজো বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির। পৌরহিত্য সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ দিতে হাজির হচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গার অভিজ্ঞ সমস্ত পুরোহিতরা। বোধন, আমন্ত্রন, অধিবাস থেকে শুরু করে বিসর্জন, অপরাজিতা পূজা পর্যন্ত সমস্ত খুঁটিনাটি বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে। শ্রী শ্রী চণ্ডী পাঠ সম্পর্কিত বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নবাগত এবং পুরাতন বহু পুরোহিতগণ সামিল হচ্ছেন এই শিবিরে।


রবিবার প্রশিক্ষক হিসেবে কলকাতা থেকে এসেছিলেন পন্ডিত দেবব্রত রায় চৌধুরী। প্রায় ৫০ জনের উপরে পুরোহিত এই প্রশিক্ষণ শিবিরের যোগ দেন। পুরোহিত সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন সিআইসি সদস্য অনুপ রায় পুরোহিত সমিতির এই উদ্যোগের প্রশংসা করেন


 সমিতির সম্পাদক মিলন আচার্য জানালেন নবাগত যে সমস্ত পুরোহিতরা দুর্গাপূজায় আগ্রহী তাদের জন্যই মূলত এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তাছাড়া অনেকেই দুর্গা পুজো করেন কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবে কিছু ভুল ভ্রান্তি থেকে যায় তাদের জন্য এই প্রশিক্ষণ শিবির ভীষণভাবে কার্যকরী হবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন আমাদের রাজ্যে পৌরহিত্য পঠন পাঠনের জন্যে টোল শিক্ষা পুনরায় চালু করা ভীষণ প্রয়োজন। পুরোহিত চেতনা কল্যান সমিতির এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলকার নাগরিকেরা।

Pages