বিবিপি নিউজ: অফিসে বসেই নিজের পেটৈ নিজেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন চতুর্থ শ্রেণীর কর্মচারী। ঘটনাটি হুগলি জেলার পোলবার বিডিও অফিসের। ঘটনায় চাঞ্চল্য সরকারি অফিসে। জখম ওই ব্যক্তির নাম শঙ্কর রুইদাস। আশঙ্কাজনক অবস্থায় ওই কর্মীকে প্রথমে পোলবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ৫৫ বছরের শঙ্কর পোলবা বিডিও অফিসে চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে কাজ করেন। বুধবার অফিসের ভিতর তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান অন্যান্য কর্মী। তাঁর হাতে ছিল একটি ফল কাটার ছুরি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আত্মহত্যার চেষ্টা করেন শঙ্কর। কিন্তু কেন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন, তা এখনও পরিষ্কার নয়। অচৈতন্য অবস্থায় ওই কর্মীকে উদ্ধার করে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করেন পোলবার বিএমওএইচ কৌশিক মণ্ডল। পরে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
